প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার আসামি
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার আসামি
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যার পাঁচ বছর পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামের এক ব্যক্তিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে পৌনে ১০টার মধ্যে আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা মো. সিদ্দিকুর রহমান আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলাটি প্রথমে আশুলিয়া থানা-পুলিশ তদন্ত করে। প্রায় ছয় মাস পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্তের পর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তবে আদালত সেই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে মামলার তদন্তভার পায় পিবিআই ঢাকা জেলা।
পিবিআই জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরহাদ মোল্লা গোয়েন্দা তথ্য ও তদন্তের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করেন।
যেভাবে হত্যাকাণ্ড
পিবিআইয়ের তদন্ত ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানানো হয়, বাদল আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। সেখানে মোর্শেদ (৩৪) নামের আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। মোর্শেদের ভাড়া বাসায় বাদলের যাতায়াত ছিল।
শাওন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচিত হন। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তদন্তে জানা যায়, ঘটনার দিন এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে বাদলের সঙ্গে শাওনের কথা হয়। বাদলের আমন্ত্রণে ওই দিন রাতে তিনি মোর্শেদের ভাড়া বাসায় যান। তবে সেখানে গিয়ে তরুণীকে না পেয়ে তিনি কারণ জানতে চান। এ সময় বাদল নিজেই শাওনকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। শাওন তাতে রাজি না হলে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে বাদল শাওনের শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। শাওন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। পরে শাওন তাঁর গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
অন্য কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পিবিআই
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছিল পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পিবিআই জানায়, সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর