প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬
দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ
দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নদীপথ, খেয়াঘাট ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নৌ পুলিশ। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অতিরিক্ত ভিড়, নৌযানে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌপথে টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, বিপিএম-সেবা।
সভায় আসন্ন দুর্গাপূজায় সংশ্লিষ্ট পূজামণ্ডপ, নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তা, প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।
তিনি প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা, নির্ধারিত সময়ে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নৌ পুলিশের প্রস্তুতি ও নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর