টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা
টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা
স্বাধীন খবর মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনাগামী ওই বাসে তল্লাশি চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ধনপুর এলাকার ইয়াসিন (৫৫) ও ধনাইতরী এলাকার আব্দুল আলীম (৪৫)। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।