প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬
জ্বালানি, শিল্প ও পরিবহন খাতে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা
চীনা বিনিয়োগ বাড়াতে সিআরসিসির সঙ্গে চুক্তি কাল জ্বালানি, শিল্প ও পরিবহন অবকাঠামো খাতে বিনিয়োগে সহযোগিতা করবে দুই পক্ষ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে যাচ্ছে ইনভেস্ট বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার মোংলায় দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আওতায় জ্বালানি, শিল্প, পরিবহন ও পরিবেশগত অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে দুই পক্ষ।

সমঝোতা স্মারক অনুযায়ী, বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ে সহায়তা দেবে ইনভেস্ট বাংলাদেশ। পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত থাকছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করবেন সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ। অন্যদিকে সিআরসিসির পক্ষে সই করবেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং।
চুক্তি স্বাক্ষরের আগে দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান চীন-বাংলাদেশ মোংলা অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ১১০ একর জমি পরিদর্শন করবেন।
এর আগে গত ২৫ জুন বেইজিংয়ে চীন-বাংলাদেশ মোংলা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিধি বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও অবকাঠামো খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর