প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬
জলবায়ু ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের
জলবায়ু ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের
জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, ঢাকা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিচ্ছন্ন জ্বালানিতে ৪০০ মিলিয়ন পাউন্ড
বৈঠকে জলবায়ু সম্মেলন COP31-এ উচ্চপর্যায়ের আলোচনাকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (CIF) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে।

এ ছাড়া জলবায়ু বিনিয়োগের অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়। আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
আইসিজের রায় বাস্তবায়নে সহযোগিতা চাইল ঢাকা
রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে প্রতিমন্ত্রী কক্সবাজারের শিবিরে সাম্প্রতিক সফরসহ ডিউক পত্নী এইচআরএইচ সোফির ভূমিকার কথাও উল্লেখ করেন। জবাবে ব্রিটিশ হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারী ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর