প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬
চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা
*চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা
জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের টার্গেট করে প্রতারণার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে এসআরবি-৭, চট্টগ্রাম।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় দালালচক্রের ২০ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা মূলত গ্রামের দরিদ্র, অসহায় এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী ও তাঁদের স্বজনদের লক্ষ্য করতেন। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া কঠিন— এমন ধারণা দিয়ে তাঁদের মধ্যে ভীতি তৈরি করা হতো। এরপর বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়া হতো।
অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৭-এর পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু দালালচক্রের কারণে অনেক সাধারণ মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর