প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬
একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ*
*একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুধু আইন প্রয়োগ করে নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, একটি পরিবারের নির্যাতনের ঘটনা পুরো সমাজের একটি ক্ষত। নির্যাতন প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জ্বলে উঠতে হবে। মানুষের মধ্যে মানবিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই।’
প্রতিপাদ্যকে উপজীব্য করে রচিত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও ফটোবুথ উন্মুক্ত করা হয়। সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় একদিনে হয়নি। কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীও এ জন্য দায়ী নয়। দীর্ঘদিন ধরে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজনৈতিক নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আলবার্ট আইনস্টাইনের নামে প্রচলিত একটি উক্তির প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম বলেন, অন্যায়কারীদের চেয়ে ভালো মানুষের নীরবতা সমাজের জন্য বেশি বিপজ্জনক। নির্যাতনকারীর সংখ্যা কম হলেও ভালো মানুষের নীরবতা ও প্রতিরোধের অভাবে অপরাধীরা সুযোগ পায়।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা শিক্ষা গ্রহণ করি, শিক্ষিত হই। কিন্তু আমাদের বাইরের চোখ খুললেও মনের চোখ খুলে যায় না। যে শিক্ষা আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে না, যে শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করতে পারব না, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব না, সেই শিক্ষার মূল্য কতটুকু?’
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ‘আমি’ ও ‘আমার’ গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। দেশ ও সমাজকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললেই হবে না, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।
নির্যাতন প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নানা কর্মসূচি পালন কিংবা সভা-সেমিনারের আয়োজন করলেও নিজেদের ভেতর থেকে পরিবর্তন না এলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে না।
নারীদের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মাদার তেরেসা ও অপরাহ উইনফ্রের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম মানুষকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে পারে।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, দেশের প্রত্যেক নারী ও পুরুষ রাষ্ট্রের সম্পদ। তাঁদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজে সংকট, অপরাধপ্রবণতা ও নির্যাতন বাড়তে পারে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো দেশ একদিনে কিংবা একজনের প্রচেষ্টায় উন্নত হয়নি। নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশ দুটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, অর্থ কিংবা ক্ষমতা দিয়ে সময় কেনা যায় না। তাই সময়ের কাজ সময়েই করতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের মেধা দেশের কল্যাণে কাজে লাগাতে পারে।
সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও নারী নেত্রীদের সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ আঙিনায় জ্বলে উঠতে পারলে নির্যাতন ও সামাজিক সমস্যা কাটিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার চিত্র, নারীদের সাফল্য, সম্ভাবনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।
সভায় বক্তব্য দেন ঘাসফুলের সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জনি রোজারিও, কারিতাসের চয়ন হিউবার্ট রিবেরু, প্রত্যাশির মোহাম্মদ সেলিম, আইডিএফের রেহানা আক্তার, উইমেন পসিবিলিটির সানজুমা আক্তার, ওয়াইএএসডির অমিত দাশ, ব্র্যাকের মো. মহিন উদ্দিন, ইলমার জেসমিন সুলতানা পারু, লিরোর নূরজাহান খান ও বিএনপিএসের এরশাদুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রায় ৪৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কর্মকর্তা, নারী নেত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর