প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬
আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন বাংলাদেশের স্পিকার
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক | ঢাকা
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রোববার (১১ অক্টোবর) তিনি ঢাকায় পৌঁছান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। স্পিকারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের একজন সংসদ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
এ ছাড়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর